হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এবারের প্রতিপাদ্য ছিল—‘হাত ধোয়ার নায়ক হোন’।
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় তিনি হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তিনি বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা। আমরা যদি পাঠ্যবইয়ের শিক্ষা অনুসরণ করে নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে অনেক মারাত্মক রোগজীবাণু থেকে নিজেদের রক্ষা করতে পারব।”
তিনি আরও বলেন, পরিবেশসচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হাত ধোয়া কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments