লাইসেন্স ও ফিটনেস সনদে অনিয়ম বা তদবির বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিআরটিএর বৈধ সনদ ছাড়া সড়কে কোনো যানবাহন চালানো যাবে না।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, সড়কে প্রতিদিনই অসংখ্য মূল্যবান প্রাণ ঝরছে। সেই সঙ্গে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই সংকট থেকে বের হতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা একা কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টাই সড়ক দুর্ঘটনা কমাতে পারে।
মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাইওয়েতে যেখানে-সেখানে গাড়ি রেখে চলাচলে বাধা দেওয়া গুরুতর অপরাধ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিতে হবে।
নিবন্ধনহীন সিএনজি অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ নিয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব যানবাহন ব্যবহার করে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। চালক ও মালিকদের সচেতন থাকতে হবে, যেন গাড়ি অপরাধের বাহন হিসেবে ব্যবহৃত না হয়।
আলোচনা সভার আগে কাজীর দেউড়ীর আউটার স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রতিমন্ত্রী র্যালির উদ্বোধন করেন এবং এতে অংশ নেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সওজ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন।
ডিআর




Comments