Image description

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানো প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্রীড়ামাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ (TyC Sports) ও স্থানীয় রেডিও নেটওয়ার্ক এক বিজ্ঞপ্তিতে ইউলালিয়ার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী অ্যাঙ্গেল স্কালোনির সঙ্গে পুজাতোতেই স্থায়ীভাবে বসবাস করতেন ইউলালিয়া। পেশাগত জীবনে তিনি স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্বও পালন করেছিলেন। তিন সন্তানের জননী ইউলালিয়ার তিন সন্তান হলেন—মাউরো, কোরিনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান কোচ লিওনেল স্কালোনি। তাঁর কন্যা কোরিনা রোজারিওর কাছে ফুনেস এলাকায় 'স্কালা বেকারি' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। পারিবারিক ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মায়ের সঙ্গে স্কালোনির আবেগীয় সম্পর্ক ও টান ছিল গভীর। জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেও সুযোগ পেলেই পুজাতোতে মায়ের কাছে ছুটে যেতেন স্কালোনি। ২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জয়ের পর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামেই অশ্রুসজল চোখে স্কালোনি বলেছিলেন, “আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েকদিন আগে তাঁর একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়েছিল, তিনি চিকিৎসকদের সঙ্গে জীবনযুদ্ধে লড়ছেন।”

একই বছর (২০২১ সালের ১৫ অক্টোবর) পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে জয়ের পর তৎকালীন সংবাদ সম্মেলনে মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে আবেগাপ্লুত হয়ে স্কালোনি বলেছিলেন, “আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো মানসিক অবস্থায় নেই।”

ব্যক্তিগত জীবনের এই কঠিন মানসিক বিপর্যয় ও পারিবারিক দুর্দশা জয় করেই স্কালোনি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঐতিহাসিক শিরোপা এনে দেন। মায়ের মৃত্যুতে স্কালোনির পরিবারসহ পুজাতো শহর ও আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ডিআর