Image description

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নেতানিয়াহুবিরোধী দলগুলোর মোট আসন দাঁড়িয়েছে ৬৭টি।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে বর্তমান ফলাফলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮ আসন দূরে রয়েছে।

একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৬টি আসন নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের মোট আসন ৪৮টি।

আরব দলগুলোর ১৯টি আসন পাওয়ায় সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইজেনকোটের জোটের সঙ্গে আরব দলগুলো সমর্থন বা জোট করলে তাদের মোট আসন ৬৭-তে দাঁড়াবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। তবে এ ধরনের জোট বা সমর্থন এখনো নিশ্চিত নয়।

এদিকে ভোট গণনা এখনো শেষ হয়নি। নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে ভোট দেওয়া সেনাসদস্যসহ অন্যান্য যোগ্য ভোটারদের কয়েক লাখ ভোটও গণনা করা হবে। এসব ভোট গণনার পর আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

ফলে বর্তমান ফলাফলে নেতানিয়াহুবিরোধী দলগুলো সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে থাকলেও কে সরকার গঠন করবে, তা নির্ভর করছে জোট গঠনের আলোচনার ওপর। বিরোধী দলগুলো আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় যেতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

এসএস