নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, এর কোনো বিকল্প নেই।
তবে এই সরকার কীভাবে গঠিত হবে, এর ক্ষমতা ও কার্যপরিধি কী হবে এবং কত দিনের জন্য দায়িত্ব পালন করবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংবিধানের বিভিন্ন ধারা সংশোধন এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি, সরকারের ক্ষমতা ও কার্যপরিধি এবং সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে সরকার গঠন করা হবে—এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ভবিষ্যতে সরকার গঠন নিয়ে যাতে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়, সে জন্য সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি যাচাই করা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার গঠনে সার্চ বডি কিংবা নির্বাচন কমিশনকে যুক্ত করার মতো বিভিন্ন প্রস্তাবও আলোচনায় রয়েছে বলে জানান তিনি। তবে কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এসএস




Comments