Image description

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠ-বদ্রীনাথ রুটে ৬ জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার (৩০ অক্টোবর) বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে জানানো হয়, ‘ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর পরিচালিত ‘ভিটি-এইচসিএক্স’ (VT-HCX) কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটের দিকে উড্ডয়নের পর যোশীমঠ উপত্যকার হাতি পর্বত এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্র্যাকিং ব্যবস্থায়ও এর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট সংস্থার পুরো বহরের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিখোঁজ ওই হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন পুরুষ আরোহী ছিলেন। তারা হলেন—পাইলট ক্যাপ্টেন হিমাংশু, প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচএস নটরাজা।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে ও উদ্ধারে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) যৌথভাবে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে এবং তিনি পুরো পরিস্থিতি নিজে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এছাড়া যোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও স্বাস্থ্য বিভাগের দলও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

পাহাড়ি ও দুর্যোগপূর্ণ ভূপ্রকৃতির কারণে উত্তরাখণ্ডে এর আগেও বেশ কিছু বিমান দুর্ঘটনা ঘটেছে। গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনা বা জরুরি অবতরণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিগত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছিল।

ডিআর