Image description

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অপরাধে হারুন অর রশীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছিল। আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে তাঁহাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব জমা দেননি।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তা বিস্তারিত অনুসন্ধান শেষে লিখিত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (Desertion)-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁহাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান এবং পরবর্তীতে অপরাধ ও অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিবি কার্যালয়ে তথাকথিত ‘ভাত খাইয়ে’ ছবি পোস্ট করা এবং ক্ষমতার অপব্যবহারসহ কর্মজীবনে বিভিন্ন সময়ে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিলেন এই কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, হারুন অর রশীদকে বরখাস্তের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

ডিআর