Image description

ফ্যামিলি কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যেকোনো সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যদি টাকা দাবি করে, তবে সাথে সাথে তাঁর নাম-পরিচয় লিখে রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই সাথে ভাতার ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক অনিয়ম বা লেনদেনের সাথে যুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুযায়ী সর্বোচ্চ কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে নতুন তিনটি গ্রামীণ পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সামাজিক নিরাপত্তা খাতের স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, “ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল প্রকার সামাজিক ভাতা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এসব সরকারি সহায়তা রাষ্ট্র থেকে পাওয়ার অধিকার সাধারণ জনগণের রয়েছে। এর জন্য কাউকে একটি টাকাও ঘুষ বা ফি দিতে হবে না।”

তিনি উপস্থিত স্থানীয় মানুষদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলেন, “কেউ যদি আপনাকে ফ্যামিলি কার্ড বা কোনো ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চায়, তাহলে সরাসরি তার নাম-ঠিকানা নোট করে আমাকে জানাবেন। ওই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করব।”

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাগুলো সম্পূর্ণ হয়রানি ও মধ্যস্বত্বভোগী দুর্নীতিমুক্ত রাখতে চায়। প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত উপকারভোগীরা যেন কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে না পড়ে সেবা পান, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। একই সাথে সুবিধাবঞ্চিত মানুষদের অসহায়ত্বের সুযোগ নেওয়া প্রতারক চক্র থেকে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআর