মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত বাপ্পী বিশ্বাস (১৯) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
অন্যদিকে, নিহত অনন্যা শিকদার ( ১৮ ) একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনিও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
একই ইউনিয়নে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, আমরা আত্মহত্যার ঘটনার খবর পেয়েছি। স্বজনেরা থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments