রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২৮ অক্টোবর রাতে বনানীর ৭ নম্বর সড়কের ব্লক-বি/১ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্রিস্টিন ভার গুরুতর দগ্ধ হন। আগুনে তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে যায়।
বাসাটির ম্যানেজার মোহাম্মদ আল আমিন গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ অবস্থায় প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ক্রিস্টিন। এরপর বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
এদিকে, আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, ক্রিস্টিন তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর থেকে ওই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৩ শতাংশ দগ্ধ অবস্থায় ওই নারীকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএইচ




Comments