ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাটিতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে আন্দোলনের পঞ্চম দিনে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধ কিংবা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বরং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইনও জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।
বিএইচ


Comments