ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল ও শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
অবরোধের কারণে লিংক রোডের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফতুল্লার বিভিন্ন তৈরি পোশাক কারখানা থেকে কাজ বন্ধ রেখে বেরিয়ে আসেন হাজার হাজার শ্রমিক। পরে তাঁরা মিছিল নিয়ে এসে শিবু মার্কেট এলাকায় লিংক রোড অবরোধ করেন।
এর আগে গতকাল সোমবারও একই দাবিতে চার ঘণ্টা ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকেরা। পরে বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। তবে দাবি আদায় না হওয়ায় পরদিনই আবারও রাজপথে নামেন তাঁরা।
আন্দোলনরত শ্রমিকেরা তাঁদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের প্রধান ৫ দফা দাবিগুলো হলো
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
সব পোশাক কারখানায় ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা।
শ্রমিকদের ট্রেড ইউনিয়নের পূর্ণ অধিকার বাস্তবায়ন।
আন্দোলনকালে নিহত শ্রমিক আমজাদ হোসেন কামালসহ অন্যান্যদের হত্যার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ।
বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি আমরা অবগত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একইসঙ্গে জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ডিআর




Comments