Image description

আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও নজিরবিহীন রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক কিশা ল্যান্স বটমস। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন আটলান্টার সাবেক এই মেয়র।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত মার্কিন মধ্যবর্তী বা অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফলে প্রতিদ্বন্দ্বী শতকোটিপতি রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে এই ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনেন তিনি। জর্জিয়ার জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারের (২০০ মিলিয়ন) বেশি অর্থ খরচ করেও পরাজয় এড়াতে পারেননি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কিশা ল্যান্স বটমসের এই অভূতপূর্ব বিজয়ের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার গোষ্ঠী। আগাম ভোটগ্রহণ বা আর্লি ভোটিং পর্ব থেকেই রেকর্ডসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে রায় দেন।

নির্বাচনী প্রচারণাকালে রিপাবলিকান শিবির থেকে তাঁর মেয়র থাকাকালীন আটলান্টা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয়ের চিত্র তুলে ধরে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। তবে তা সফল হয়নি। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, “আটলান্টাকে অপরাধের আখড়া হিসেবে তুলে ধরার এই কৌশলটি প্রতিপক্ষের পুরোনো হাতিয়ার।”

উলেখ্য, জর্জিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে গভর্নর পদে পর পর তিনবার কোনো কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দেওয়া হলো। এর আগে ২০১৮ এবং ২০২২ সালে স্ট্যাসি আব্রামস রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধানে নির্ধারিত দুই মেয়াদের আট বছরের মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারিতে দায়িত্ব ছাড়ছেন কেম্প।

ঐতিহাসিকভাবে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত জর্জিয়ায় রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনই জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন। প্রচারণার শেষ দিনগুলোতে রিক জ্যাকসন শতকোটি ডলার ঢেলে ২০২০ সালের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড পরবর্তী সহিংসতা ও এক শিশুর মর্মান্তিক হত্যাকাণ্ডের চিত্র টিভিতে প্রচার করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। তবে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটারদের ক্ষোভ এবং বারাক ওবামা ও জর্জিয়ার ডেমোক্র্যাট সেনেটর জন অসফের জোরালো প্রচারণা কিশার পক্ষে বাতাস ঘুরিয়ে দেয়।

৫৬ বছর বয়সী কিশা ল্যান্স বটমসের জন্ম আটলান্টায়, তিনি বিখ্যাত ব্লুজ সংগীতশিল্পী মেজর ল্যান্সের সন্তান। আইন পেশা ও বিচারকের দায়িত্ব পালনের পর ২০০৯ সালে আটলান্টা সিটি কাউন্সিলের সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে মেয়রের দায়িত্ব সামলানোর পাশাপাশি ২০২৩ সাল পর্যন্ত হোয়াইট হাউসের পাবলিক এনগেজমেন্ট অফিসের পরিচালক ও বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে মেডিকেড বিস্তার করা এবং অঙ্গরাজ্যে গর্ভপাত সংক্রান্ত কঠোর আইনি নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়ে এবার সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন নতুন এই নারী গভর্নর।

ডিআর