ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সাভার মডেল থানায় একটি এবং এর আগের দিন সোমবার (২ নভেম্বর) আশুলিয়া থানায় দুটি মামলা করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুরের অভিযোগে সোমবার রাতে দুটি পৃথক কারখানার কর্তৃপক্ষ মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি কারখানার কর্তৃপক্ষ মামলা করেছে। এতে অজ্ঞাতনামা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, সাভার ও আশুলিয়ার ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএইচ




Comments