সুন্দরবনে হরিণ শিকারের ১৪৮টি ফাঁদ জব্দ, জীবিত হরিণ অবমুক্ত
চিত্রা হরিণ শিকারিদের ভয়ংকর ফাঁদ থেকে রক্ষা পেলো সুন্দরবন। সুন্দরবন পূর্ব বন বিভাগের অভিযানে বন থেকে উদ্ধার করা হয়েছে ১৪৮টি হরিণ শিকারের ফাঁদ। এ সময় ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবনের বিভিন্ন খাল ও গহীন বনে এই বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগের স্মার্ট টিম ও টহল দল।
বন বিভাগ সূত্র জানায়, শিকারিরা হরিণ চলাচলের সরু পথে, খাবার খোঁজার জায়গায় এবং খালের পাড়ে নাইলনের মোটা দড়ি দিয়ে বিশেষ কায়দায় ফাঁসের মতো ফাঁদ পেতে রাখে। হরিণ ওই পথ দিয়ে হাঁটার সময় পা কিংবা গলায় ফাঁস আটকে যায়। যত নড়াচড়া করে, ফাঁস তত শক্ত হয়। পরে শিকারিরা এসে জীবিত হরিণ ধরে জবাই করে মাংস পাচার করে দেয়।
অভিযানে অংশ নেওয়া এক বন কর্মকর্তা বলেন, "এক একটা ফাঁদ মানে এক একটা হরিণের মৃত্যু। আমরা ১৪৮টি ফাঁদ জব্দ করেছি মানে ১৪৮টি হরিণের জীবন বাঁচিয়েছি।"
সুন্দরবনে হরিণের মাংসের চাহিদা বেশি থাকায় একটি সংঘবদ্ধ শিকারি চক্র দীর্ঘদিন ধরে এই ফাঁদ পেতে আসছে। শীত মৌসুম আসার সাথে সাথে এই চক্র আরও বেশি সক্রিয় হয়ে ওঠে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে। শিকারিদের শনাক্ত করতে বনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পরিবেশকর্মীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু ফাঁদ জব্দ করলেই হবে না, এর পেছনে থাকা মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই সুন্দরবনের প্রাণ চিত্রা হরিণ রক্ষা পাবে।
ডিআর



Comments