একটি রাজনৈতিক স্লোগানকে সরাসরি হাদিসের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনার মুখে অবশেষে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করার বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর। ওই দিন ঢাকার উত্তর ও দক্ষিণ অংশের নির্ধারিত ছয়টি নতুন রুটে পরীক্ষামূলক সমন্বিত নগর বাস সেবা ও নতুন বাস রুট চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিটিসিএ-র সদ্য বিদায়ী নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-কে শাশ্বত বাণী এবং হাদিসের সমতুল্য বলে দাবি করেন।
শুধু তাই নয়, তিনি বক্তব্যে আরও বলেন যে, তাঁর মাথায় টুপি ও মুখে দাড়ি না থাকার কারণেই নাকি সাধারণ মানুষ এই বক্তব্যকে ‘হাদিস’ হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করছে!
সরকারি এই উচ্চপদস্থ কর্মকর্তার এমন স্পর্শকাতর ও বিতর্কিত ধর্মীয় বিষয়ের সঙ্গে রাজনৈতিক স্লোগানের তুলনা করার ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তার মুখ থেকে এমন মন্তব্য আসায় সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।
ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক বক্তব্যের ভারসাম্য বজায় রাখতে এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে পদ থেকে সরিয়ে ওএসডি করা হলো।
ডিআর




Comments