Image description

বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ঝুলিতে যোগ হলো নতুন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগে (BBL) খেলতে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই তারকা পেসার। চ্যাম্পিয়নশিপের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ইতিমধ্যে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ৪২৩টি উইকেট শিকারের বিশাল অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা আসর বিগ ব্যাশে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম অভিজ্ঞতা।

মেলবোর্ন রেনেগেডসের প্রধান বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের গুরুতর চোটে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। তাঁর আকস্মিক অনুপস্থিতিতে দলের পেস বিভাগে বৈচিত্র্য আনতে এবং অভিজ্ঞতার ঘাটতি মেটাতে দ্রুত মোস্তাফিজকে দলে নেয় রেনেগেডস কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি (ILT20) লিগে পূর্ব প্রতিশ্রুতি ও খেলার কারণে পার্থ স্করচার্সের বিরুদ্ধে রেনেগেডসের উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজকে পাওয়া যাবে না। তবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চ প্রকাশ করেছেন এই বাংলাদেশি পেসার। আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রেনেগেডসের হয়ে এমসিজিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর।

এক বিবৃতিতে মোস্তাফিজ বলেন, “মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে মাঠে নামার প্রহর গুনছি। এমসিজিকে নিজের ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে খেলাটা সত্যি স্পেশাল একটি বিষয় হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা দলের সাফল্যে কাজে লাগাতে মুখিয়ে আছি।”

অন্যদিকে, সাবেক নিউজিল্যান্ড ব্যাটার ও রেনেগেডসের নতুন প্রধান কোচ লুক রনকি মোস্তাফিজের অন্তর্ভূক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মোস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টির প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভার—দুই বিভাগেই নিয়মিত উইকেট নেওয়ার অসাধারন ক্ষমতা রয়েছে তাঁর। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজন বোলারেরই ঘাটতি ছিল।”

উল্লেখ্য, স্কোয়াডে ড্যানি বাউন্ডারি ও ডেথ স্পেশালিস্ট ফিজের পাশাপাশি অন্যান্য বিদেশি তারকা হিসেবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকেও পাচ্ছে মেলবোর্ন রেনেগেডস।

ডিআর