সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর লক্ষ্যবস্তু করে ছোড়া একটি সশস্ত্র ড্রোন মাঝআকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শুক্রবার (৬ নভেম্বর) ইয়েমেন বিষয়ক সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্নেল তুর্কি আল-মালকি জানান, জোটের আকাশ প্রতিরক্ষা বাহিনী সময়মতো ড্রোনটি শনাক্ত করে এবং মক্কা অঞ্চলের আকাশেই সেটি ধ্বংস করে দিতে সক্ষম হয়। এর ফলে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাধারণত সৌদি আরবের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পেছনে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নাম উঠে এলেও, এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা দায় স্বীকারের বার্তা পাওয়া যায়নি।
ঘটনাটির পর মক্কা অঞ্চলসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা গেছে।
ডিআর




Comments