Image description

দীপাবলি উৎসবে কর্মীদের চমকে দিয়ে এক অভূতপূর্ব উপহার দিয়েছে ভারতের দিল্লিভিত্তিক একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সকল কর্মীকে দীপাবলির শুভেচ্ছা হিসেবে দেয়া হয়েছে অ্যাপলের নতুন আইফোন ১৬। কর্মীদের উপহার দেওয়ার সেই বিশেষ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী ও উদার এই উদ্যোগের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ‘এনডিটিভি’-র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির রোহিণী এলাকায় অবস্থিত ‘ফাইন্যান্সারসাব’ (Financersub) নামের লোন ও ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলি উদযাপনের ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, অফিসের প্রতিটি কর্মীর ডেস্কে কম্পিউটারের সামনে রঙিন ফিতা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আইফোন ১৬-এর বক্স। সেখানে সাদা, সবুজ, নীল ও কালোসহ বিভিন্ন রঙের আইফোন দেখা যায়। ভিডিওর শেষ অংশে উপহার পেয়ে কর্মীদের আনন্দের উচ্ছ্বাসও ক্যামেরাবন্দী হয়।

ক্যাপশনে প্রতিষ্ঠানটি রসিকতা করে লিখেছে, ‘কোনো প্রতিযোগিতা নয়। আপনারা এই দীপাবলিতে কী উপহার পেয়েছেন?’

সাধারণত দীপাবলিতে বিভিন্ন প্রতিষ্ঠান মিষ্টির বক্স, ড্রাই ফ্রুটস বা গৃহস্থালি জিনিসপত্র উপহার দিয়ে থাকে। কিন্তু একযোগে সব কর্মীকে আইফোন ১৬ দেওয়ার ঘটনা নেটিজেনদের চমকে দিয়েছে।

শুরুতে অনেকে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিও কিনা সন্দেহ প্রকাশ করলে প্রতিষ্ঠানটি মন্তব্যের ঘরে নিশ্চিত করে যে এটি শতভাগ বাস্তব। অনেকে কৌতুক করে সেখানে চাকরির পদ খালি আছে কিনা জানতে চেয়েছেন, আবার কেউ কেউ আক্ষেপ করে লিখেছেন—তাঁদের প্রতিষ্ঠান থেকে এখনও এক বক্স ‘সোনপাপড়ি’ও দেওয়া হয়নি!

ডিআর