দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন ও গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। অপশাসন, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছিল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে জাতির ক্রান্তিকালে ত্রাতা হিসেবে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সশস্ত্র বাহিনী ও জনতার এই অভূতপূর্ব সংহতি ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আবারও পুনর্জাগরিত হয়েছে। ছাত্র-জনতা, নারী-পুরুষ ও সশস্ত্র বাহিনীর সুদৃঢ় ঐক্যে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটে এবং দেশ পুনরায় নতজানু রাষ্ট্রে পরিণত হওয়ার বিপর্যয় থেকে রক্ষা পায়।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ৭ নভেম্বরের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সূচনা করেছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধির পথে এগিয়ে নেন। বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হলেও ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের বিনিময়ে দেশ আজ আবার নির্বাচিত সরকারের অধীনে গণতান্ত্রিক ধারায় ফিরেছে। এই অগ্রযাত্রা টেকসই করতে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা জরুরি।
জাতীয় সংকট নিরসনে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং জাতীয় সংসদকে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রাখার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে; যেখানে জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতান্ত্রিক চর্চা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বাণীর শেষভাগে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
এনআর




Comments