এক্সের অনুবাদে তারেক রহমানের স্থানে শেখ হাসিনার নাম, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় অনুবাদ ট্রুটি নিয়ে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। গত ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন জাপানি মন্ত্রী। তবে এক্স-এর স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে ভুলবশত প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের স্থানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রদর্শিত হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্স-এর অ্যালগরিদম ও ট্রানস্লেশন টুলের এমন গুরুতর ভুলের বিষয়টি তুলে ধরেন জাপানি বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি (AFP)-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, “জাপানি ভাষায় দেওয়া আমার মূল পোস্টে স্পষ্টভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামই উল্লেখ করা হয়েছিল। কিন্তু এক্স-এর স্বয়ংক্রিয় অটো-ট্রানস্লেশনে ভুলভাবে শেখ হাসিনার নাম অনুবাদ করা হয়। এটি অত্যন্ত বিব্রতকর ও গুরুতর ভুল। বাংলাদেশের জনগণ হয়তো ভাবতে পারেন যে, জাপানের বাণিজ্যমন্ত্রী বুঝি তাঁদের বর্তমান প্রধানমন্ত্রীর নামই জানেন না!”
তিনি আরও যোগ করেন, এক্স-এর অনুবাদ টুলের কারণে এমন বিভ্রান্তিকর অভিজ্ঞতার মুখোমুখি তিনি এবারই প্রথম হননি। গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করলে এক্স-এর অনুবাদে সেটি ভুলভাবে ‘কাতারের তেলমন্ত্রীর সঙ্গে বৈঠক’ দেখানো হয়। এমনকি এর আগে মার্কিন বাণিজ্যমন্ত্রীর নামও এক্স-এর অনুবাদ ভুলভাবে প্রদর্শন করেছিল।
বারবার ঘটে যাওয়া এসব ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাপানি মন্ত্রী বলেন, “এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। মার্কিন ধনকুবের ইলন মাস্কের এই প্ল্যাটফর্মের প্রতি আমার অনুরোধ—দয়া করে দ্রুত অনুবাদের টুলটির সমস্যা সমাধান করুন।”
এই ধরনের গুরুতর কূটনৈতিক ও প্রযুক্তিগত ভুলের বিষয়ে জানতে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের ক্রান্তিকালীন দায়িত্ব পালন করে। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ জয় পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
ডিআর




Comments