Image description

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করে। সন্ধ্যায় বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুই থেকে তিনজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছাকাছি সিসিটিভি ক্যামেরার স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এসএস