আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপরই আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন, তাদের এখনই বিশ্রামের সুযোগ নেই। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে ফিরছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তাসকিন আহমেদ বর্তমানে আবুধাবি টি-টেন লিগে খেলছেন। এরপর আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতেও অংশ নেবেন তিনি। বিসিবিও তাকে বিশ্রাম দেওয়ার পক্ষে। ফলে জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার না থাকাটা নিশ্চিত।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তাসকিনের অনুপস্থিতিতে দলে ডাক পাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ছিলেন না এবং পরে ইনজুরিতে পড়েন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছেন।
এদিকে, পেসার মুস্তাফিজুর রহমানকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তিনি শেষ পর্যন্ত না থাকলে স্কোয়াডে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়া শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান বর্তমানে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে।




Comments