Image description

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বস্তি থাকলেও বড় এক দুশ্চিন্তা ভর করেছে আর্জেন্টিনা শিবিরে। সেমিফাইনাল জয়ের পর মাঠে ‘মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে লিওনেল মেসির দলের। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত হয়। তবে জয়ের পর মাঠেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি করে রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন ফুটবলাররা।

ফিফার আইন অনুযায়ী, ফুটবল মাঠে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারও একই ধরনের কঠোর শাস্তির মুখে পড়তে পারে আলবিসেলেস্তেরা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যাতে কয়েকশ সেনা নিহত হন।

এদিকে, সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলারদের সমর্থন জানিয়ে লেখেন, ‘এটি শুধু আরেকটি ম্যাচ ছিল না। ফকল্যান্ড আর্জেন্টিনার। তারা স্টেডিয়ামে এই বার্তা নিয়ে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা ভুলে গেছে—আমরা এটিকে আমাদের রক্তে ও হৃদয়ে বহন করি।’

ম্যাচের আগে ভিয়াররুয়েল মন্তব্য করেছিলেন, এই ম্যাচটি ছিল ‘দখলদারদের জায়গা দেখিয়ে দেওয়ার’ লড়াই। যদিও কোচ লিওনেল স্কালোনি ম্যাচ শুরুর আগে স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি ফুটবল ও রাজনীতিকে এক করতে চান না।

আগামী রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে জয় পেলেও মাঠের বাইরের এই বিতর্ক এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মানবকণ্ঠ/ডিআর