আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ২০২৬ আসর। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই আসরে বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল নিজ নিজ গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
এক নজরে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
বাংলাদেশের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত
মানবকণ্ঠ/ডিআর




Comments