বার্সেলোনার গোল উৎসব যেন থামছেই না। চলতি মৌসুমে কোচ হানসি ফ্লিকের দল প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক বড় জয় তুলে নিচ্ছে। এবার রাসিং সান্তান্দারের বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিক ও জোয়াও কানসেলোর জোড়া গোলে ৭-২ ব্যবধানে জিতেছে বার্সা।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের পাস পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত কার্লিং শটে গোল করেন কানসেলো। ক্রসবারে লেগে বল জালে জড়ায়।
এরপর পেদ্রো ফেলিপের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ৩০ মিনিটে মাগেত গুয়ের গোলে রাসিং সান্তান্দার ব্যবধান কমালেও কিছুক্ষণ পর আবারও গোল করেন কানসেলো। দূরপাল্লার দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
বিরতির আগে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন। দানি ওলমোর বাড়ানো পাস থেকে নিচু শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধেই অবশ্য আরেকটি পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া পেনাল্টি নেওয়ার সুযোগ লামিন ইয়ামালকে দিলেও গোলরক্ষক আগিরেজাবালা তা ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সার গোলরক্ষক ভয়চেখ শেজনির ভুলের সুযোগ নিয়ে গোল করেন ইয়াসির জাবিরি। তবে দুই মিনিট পরই আদেয়েমিকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। এবার স্পটকিক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রাফিনিয়া।
এরপর গ্যাব্রিয়েল জেসুসের গোলে বার্সার ব্যবধান আরও বাড়ে। ম্যাচের ৮৯তম মিনিটে আদেয়েমির পাস থেকে ফার্স্ট-টাইম শটে গোল করে ৭-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইয়ামাল।
এটি চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার টানা ষষ্ঠ জয়। ক্লাবটি এখন পর্যন্ত ছয় ম্যাচে করেছে ২৮ গোল, যা লিগে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ গোল বেশি।
রাফিনিয়াও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফ্লিকের কৌশলে ফলস নাইন হিসেবে খেলছেন তিনি। ছয় ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।
এদিকে ইয়ামালও নিজের রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা চার লা লিগা ম্যাচে গোল করলেন তিনি। চলতি মৌসুমে তার মোট গোল এখন সাতটি।
এসএস




Comments