বিজ্ঞাপনের প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। অকল্যান্ডে ডাইভ দেওয়ার পর নিরাপত্তার কাজে ব্যবহৃত ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে আছড়ে পড়ায় তাঁর ডান কাঁধ স্থানচ্যুত (ডিসলোকেট) হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাথমিক চিকিৎসায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। চিকিৎসকদের পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম কয়েক সপ্তাহ যাওয়ার পর তাঁর মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে দল ঘোষণার কথা থাকলেও এই চোটের কারণে ভারতে বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল জানান, বাণিজ্যিক শুটিংয়ের সব নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল। পরবর্তীতে এ ধরনের ইভেন্টের সার্বিক নিরাপত্তা প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে।
এদিকে রাচিনকে তড়িঘড়ি করে মাঠে নামানোর কোনো ঝুঁকি নিতে চান না কিউই প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, "আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের বেশ ব্যস্ত সূচি রয়েছে। তাই পূর্ণাঙ্গ সুস্থতার আগে তাঁকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই।"
ডিআর




Comments