খুলনার পাইকগাছায় ভ্যানচালকসহ দুই কিশোরকে ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে বিকাশে টাকা আদায়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয়রা। তবে অভিযোগের মূল দুই অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারে ইসলামী ব্যাংকের সামনে থেকে ভ্যানচালক আরাফাত (১৮) ও তার বন্ধু ময়নুল (১৬)কে ভ্যান থামিয়ে ভয়ভীতি দেখিয়ে নদীর পাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ইয়াসিন সরদার (৩৩) ও বাবু সরদার (২৮) নামে দুই যুবকের বিরুদ্ধে। পরে তাদের পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, আরাফাতের পরিবারের কাছ থেকে ৩ হাজার টাকা এবং ময়নুলের পরিবারের কাছ থেকে ২ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে, অভিযোগ রয়েছে, বাবু সরদার তার মামাতো ভাই গোলাম রসুল (২৬)কে ঘুম থেকে ডেকে তুলে তার মোবাইল ফোন নিয়ে যান। পরে ওই মোবাইলে নিজের সিমকার্ড ঢুকিয়ে বিভিন্ন স্থানে কথা বলেন এবং সিমসহ মোবাইলটি গোলাম রসুলের কাছে রেখে চলে যান।
পরবর্তীতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ওই নম্বরে ফোন করলে গোলাম রসুল ফোনটি ধরেন। বিষয়টি জানার পর ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয়রা তাকে আটক করে পাইকগাছা থানায় নিয়ে যান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, “অপহরণের ঘটনায় একজন ভিকটিম উদ্ধার হয়েছে এবং একজন আমাদের হেফাজতে রয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments