Image description

এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে না পারায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানে ‘এফ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারও তাদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং উত্তর কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয়।

ম্যাচের শুরু থেকেই মিয়ানমার তুলনামূলক আক্রমণাত্মক ছিল। ২৭ মিনিটে তাদের নেওয়া একটি বিপজ্জনক শট দুর্দান্তভাবে রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। রক্ষণভাগে শিউলি আজিম ও শামসুন্নাহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও তহুরা খাতুন আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেন। তবে মিয়ানমারের রক্ষণ ভেদ করে গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও মিয়ানমার বেশ কয়েকটি আক্রমণ তৈরি করে। ৮১ ও ৮৬ মিনিটে গোলের সুযোগ পেলেও বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় তা কাজে লাগাতে পারেনি তারা।

৯১ মিনিটে গোলের খুব কাছ থেকে মিয়ানমানের এক স্ট্রাইকার শট নিলেও আবারও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন রুপনা।

শেষ পর্যন্ত ৯০ মিনিট ও যোগ করা সময়েও কোনো দল গোল করতে পারেনি। ফলে ০-০ সমতায় ম্যাচ শেষ হয়। এই ড্রয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলাও শেষ হলো।

এসএস