মৌসুমি বায়ু কম সক্রিয়
দেশের ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহের পর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাড়ছে গরম ও অস্বস্তি। তবে আজ দেশের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া অঞ্চলটিতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার তথ্য অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং নদীবন্দরগুলোতে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির প্রভাবে আজ এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিআর




Comments