হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহ হলে আটক করা হয়।
পরে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
ডিএনসির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনের কুলি হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে তাদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।
ডিএনসি আরও জানায়, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএস




Comments