Image description

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিভিন্ন শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট ১৪ শতাংশ সাধারণ কোটা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়া কোটা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নীতিমালার ১৭ নম্বর ধারায় ভর্তির কোটা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মোট ১৪ শতাংশ কোটার মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ ছাড়া একই বিদ্যালয়ে পড়ুয়া সহোদর বা সহোদরার জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন নির্ধারিত থাকবে।

ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে ক্যাচমেন্ট এলাকার জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট আসনের ১০ শতাংশ সংরক্ষিত থাকবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির কারণে বদলি হলে তাদের সন্তানদের ভর্তির সুবিধার্থে দেশের প্রতিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শাখায় অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠন করা হবে। এসব কমিটি পুরো ভর্তি প্রক্রিয়া তদারকি করবে।

এসএস