Image description

পোশাক খাতে চলমান আন্দোলন ও সহিংসতার পেছনে সুনির্দিষ্ট ভিন্ন উদ্দেশ্য কাজ করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন মাঠে চলছে না। কারণ শ্রমিকদের প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন করা, আর সরকার ইতোমধ্যে সেই বোর্ড গঠন করেছে।”

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মজুরি বোর্ড গঠনের দাবির জন্য সাধারণ শ্রমিকরা কখনোই সড়ক-মহাসড়ক অবরুদ্ধ করে অরাজকতা সৃষ্টি করেনি। বর্তমানে সহিংসতার অভিযোগে রাজপথ থেকে মুখোশধারী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে দেখা গেছে তারা সেখানে বিশেষ রাজনৈতিক স্লোগান দিচ্ছে। এর মাধ্যমে পরিষ্কার যে, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা ছড়াচ্ছে।”

এর আগে সকালে মালিকদের সঙ্গে বৈঠক এবং বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, উভয় পক্ষকে নিয়ে অত্যন্ত ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। গত রোববার (১ নভেম্বর) গঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে স্বল্পতম ও সুনির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমবান্ধব ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

তিনি পুনরুল্লেখ করেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ ও জীবনযাত্রার মান সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। ফলে বাস্তবতার আলোকেই মজুরি নির্ধারিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালিক সংগঠনগুলোর কাছ থেকে যেসব কারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে এবং যেসব সংগঠন বা ব্যক্তিবর্গ শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে, তাদের তালিকা চাওয়া হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মূলধারার কোনো দায়িত্বশীল শ্রমিক সংগঠন বা প্রকৃত শ্রমিক কখনো শ্রমিকের স্বার্থবিরোধী এবং দেশবিরোধী এই সহিংস কর্মকাণ্ডে জড়াতে পারেন না।

ডিআর