Image description

নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সহধর্মিণী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেনকে সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের ‘বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লাতুল হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং মনোহরদী শাহীন স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা সালেহা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সঠিক বিকাশে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই ধরনের শিক্ষা বৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কেবল পুঁথিগত শিক্ষায় নয়, বরং আধুনিক জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ করে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি কবি সোনিয়া হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর ‘বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তি’ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ডিআর