সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর সমমর্যাদার দায়িত্ব পেলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার।
বুধবার (৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। এবার সেই পর্দার চরিত্রের সঙ্গে তাঁর বাস্তব জীবনের নতুন দায়িত্বেরও মিল তৈরি হলো।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রীর অধীনেই রয়েছে। তবে উপদেষ্টা হিসেবে মিঠুন কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।
নতুন সরকারের সময়ে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও মিঠুনকে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন তিনি।
রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই অভিনেতা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর বিজেপির বিভিন্ন কর্মসূচি ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে তাকে।
এসএস




Comments