Image description

ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জন্য ইসলাম ও ব্যাপক অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ফ্রান্সে চলমান পরিস্থিতি মূলত ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া গণ-অভিবাসনের ফল’। তাঁর দাবি, বিষয়টি শুধু শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়; ইসলাম একসময়কার মহান দেশ ফ্রান্সের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং চলমান ঘটনাগুলো তারই অংশ।

শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে গত মাসের শেষ দিক থেকে ফ্রান্সের বিভিন্ন হাইস্কুলে বিক্ষোভ ও অবরোধ চলছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার দেশজুড়ে প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন।

তবে ট্রাম্প তাঁর দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি। ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধর্মীয় সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ও তাঁর সমর্থকেরা অভিবাসন ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন। এর অংশ হিসেবে ফ্রান্সের বিক্ষোভের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ‘মাগা’ সমর্থকেরা।

ট্রাম্পের মিত্র গ্লেন বেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রান্সের পরিস্থিতিকে পশ্চিমা বিশ্বের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, দেশটিতে যা ঘটছে তা সমাজতন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ।

এদিকে ডানপন্থি ভাষ্যকার ডেভ রুবিন ফ্রান্সের একটি রেলস্টেশনের ভিডিও শেয়ার করে দাবি করেন, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

এসএস