Image description

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট (গেট) আংশিক খুলে দেওয়া হতে পারে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই আগাম প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বর্ষণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে।

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টার পর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে। এর মাধ্যমে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “আমরা হ্রদের পানির উচ্চতা ও বৃষ্টির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। পানির প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে।” 

এদিকে, স্পিলওয়ের জলকপাট খোলার সম্ভাবনায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/ডিআর