খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ডোমরা গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের দুই বছর বয়সী কন্যা সন্তান মায়মুনা এবং কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে রুবিয়া খাতুন (১৬)। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিহাব শেখ তার মোটরসাইকেলে করে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া ও শিশু মায়মুনা প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর অবস্থায় সিহাব শেখকে উদ্ধার করে নড়াইল জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যান। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের আগুন নির্বাপণ করে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত সিহাব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments