Image description

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ (MV CRIMSON GRACE) নামের জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হন ইয়াসিন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সাগরে পড়ে যাওয়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করা হয়।

উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়।

একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও থেকে নিয়মিত ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।’
নিখোঁজ ইয়াসিনকে উদ্ধারে নৌবাহিনী, কোস্ট গার্ড ও আশপাশে থাকা জলযানগুলোর সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।

এম আর এ