নারীদের নিরাপদ ও ইভটিজিংমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার পর এবার চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ নারী বাস সার্ভিস। আকর্ষণীয় গোলাপি রঙের এ বাসের চালক, কন্ডাক্টর ও যাত্রী—সবাই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা সি বিচ রুটে নিয়মিত চলাচলের মধ্য দিয়ে এ সার্ভিসের যাত্রা শুরু হয়। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে শেষ গন্তব্য পতেঙ্গা পর্যন্ত পুরো রুটের ভাড়া ৬৮ টাকা।
চট্টগ্রামে প্রথমবার চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারী পরিচালিত বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরীর নারী যাত্রীরা। তাদের মতে, সাধারণ বাস বা গণপরিবহনে যাতায়াতের সময় প্রায়ই ভিড়ের সুযোগ নিয়ে ইভটিজিং, নানা ধরনের হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হতে হয়। অনেক সময় বাসে নারী যাত্রীর সংখ্যা কম থাকলে আসন খালি থাকা সত্ত্বেও তাদের উঠতে বাধা দেওয়া হয়। শুধুমাত্র নারীদের জন্য এ বাস চালুর ফলে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ হিসেবে এ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাসটির চালক ও হেলপার সবাই নারী হবেন।
তিনি বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসটির দায়িত্বে থাকা নারী চালক বলেন, নারী সহকর্মী ও নারী যাত্রীদের নিয়ে নিরাপদে সেবা দিতে পারা অত্যন্ত গর্বের ও আনন্দের। যাত্রীদের নির্ধারিত সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, বিশেষ এ বাস সার্ভিস চালুর মাধ্যমে চট্টগ্রাম নগরীর নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি দেশের পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
এসএ




Comments