Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও এক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—কুমিল্লার হোমনা উপজেলার মোহাম্মদ আল আমিনের ছেলে স্কুলছাত্র আল রাফি (১৪) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের মো. আফজালের ছেলে ইয়াসিন (১৭)। ইয়াসিন টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে উপজেলা মোড় থেকে পাটগাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ ও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।