কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তুহিনকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্য সামনে আসছে। স্থানীয়ভাবে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাব এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে পার পেয়ে গিয়েই তুহিন আজ এক মাসুম শিশুর প্রাণঘাতী খুনিতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভ উগরে দিয়ে এক ভুক্তভোগী যুবক জানান, এই তুহিন তাকে কৌশলে ডেকে নিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত না করে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে দায়িত্ব শেষ করে।

ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "ওর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো পুলিশ আমাদের বলেছিল—ওর মাথার ওপর নাকি কোনো এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়! আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু আজ বলব—দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র বদলায়নি! টাকা ছাড়া এই দেশে কোনো কিছুর বিচার পাওয়া যায় না।"
মোটরসাইকেল চুরির ঘটনায় কোনো বিচার না পেলেও আইনের এমন শিথিলতা ও রাজনৈতিক তোষণ যে বড় অপরাধের জন্ম দেয়, তা স্পষ্ট করে তিনি বলেন, "আমার বাইক চুরি গেছে, সেটা নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু ছোট অপরাধে পার পেয়ে গেলেই অপরাধীরা পরবর্তীতে বড় অপরাধ করার সাহস পায়। চোর তুহিন আজ তাই খুনি তুহিনে পরিণত হয়েছে। সেদিন যেই নেতার পাওয়ার দেখিয়ে ওকে আইন থেকে বাঁচিয়ে রাখা হয়েছিল, আজ সেই নেতারা ওকে কীভাবে বাঁচাবেন?"
ডিআর




Comments