গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমান। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা এই শিক্ষাব্রতীকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
জানা গেছে, ১৯৭৪ সাল থেকে লুৎফুর রহমান সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার দীর্ঘদিনের লক্ষ্য। নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা সময়ের সঙ্গে তাকে গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত করে তোলে।
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও দীর্ঘদিন ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন লুৎফুর রহমান। তার কাছে পড়াশোনা করেছে বহু প্রজন্মের শিক্ষার্থী। মাত্র এক টাকার বিনিময়ে পড়ানোর এই উদ্যোগ শুধু স্বল্প খরচে শিক্ষা দেওয়ার দৃষ্টান্ত নয়; বরং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করার এক অনন্য উদাহরণ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লুৎফুর রহমানের দীর্ঘদিনের এই শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।
এসএ




Comments