ময়মনসিংহের নান্দাইলে ১৯টি জাল সীল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদ ও বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট রাখার অভিযোগে মো. বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শেরপুর ইউনিয়ন যুবলীগের নেতা এবং উপজেলা পরিষদের সামনে অবস্থিত ‘মামুন কম্পিউটার’-এর মালিক।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দোকান থেকে ১৯টি জাল সীল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদ এবং বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়। পরে দোকানের মালিক বাদল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘মামুন কম্পিউটার’-এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের জাল সীল, সনদ ও সার্টিফিকেট পাওয়া যায়। দীর্ঘদিন ধরে দোকানটিতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন ধরনের সনদ ও সার্টিফিকেট তৈরির কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জাল সীল, সনদ ও সার্টিফিকেট পাওয়ায় দোকান মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এসএ




Comments