কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) ছররা গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন।
একই ঘটনায় বিক্ষুব্ধ বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাহাজুল ইসলাম সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে থাকা এক ভারতীয় নাগরিকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।
বিএসএফের ছররা গুলিতে সাহাজুলের পা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তিনি নদীর মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
এদিকে, বাংলাদেশি কৃষককে গুলি করার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী মাঠে কাজ করা অন্য কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাঁকে জামালপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঘটনার প্রতিবাদে জামালপুর সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “নদীতে সামান্য একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু বিএসএফ সদস্যরা কোনো কথা না শুনেই হঠাৎ সাহাজুলকে লক্ষ্য করে গুলি চালান। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়।”
ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার ও টহল বৃদ্ধি করেছে বিজিবি। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে বিএসএফের অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনায় তীব্র ও কঠোর প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিএসএফের গুলিবর্ষণ ও স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের বিষয়ে দ্বিপক্ষীয় সীমান্ত প্রটোকল এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে কমান্ড্যান্ট পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।”
এসএ




Comments