Image description

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খাইরুল হাসানকে সঙ্গে নিয়ে তাকে বিজয়ী করার লক্ষ্যে শেষ দিনে ব্যাপক প্রচারণা, জনসংযোগ ও শোডাউন করেছে পূবাইল থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠন।

সোমবার (শেষ প্রচারণা দিবস) সকাল থেকে গাজীপুর সিটির ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডসহ কালীগঞ্জ–বাড়িয়া–পূবাইল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী এবং দুই শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে তারা ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন, গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ, বাড়িয়া ও পূবাইল এলাকায় জামায়াত প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, অতীতের মতো নির্বাচন আর হবে না সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন হওয়ায় দেশের মানুষ ভোট দিতে উন্মুখ। কেউ যেন কেন্দ্র দখল বা জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা বলেন, আগামীকাল সকাল ৭টা থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় শেষ সময়টুকু কাজে লাগিয়ে বিস্তৃত এই এলাকায় সর্বশেষ জনসংযোগ চালানো হয়েছে।

তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার প্রভাব পূবাইলেও পড়েছে। কালীগঞ্জ, বাড়িয়া ও পূবাইল এলাকার ভোটাররা খাইরুল হাসানকে বিজয়ী করতে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রচারণা কর্মসূচিতে আরও অংশ নেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, পূবাইল থানা সেক্রেটারি হারুন অর রশিদ খান, গাজীপুর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমজাদ হোসেন খান, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ও সেক্রেটারি হারুনুর রশিদ, ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি সবুজ আল মামুন ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মিনার, ৪২ নম্বর ওয়ার্ড সভাপতি কাউসার সরকার ও সেক্রেটারি মনির হোসেনসহ বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে পূবাইলে এই কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।