মঠবাড়িয়ায় খাবারে চেতনা নাশক মিশিয়ে দুই পরিবারকে অচেতন করে লুটপাট
পিরোজপুরের মঠবাড়িয়ায় সুকৌশলে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দুই পরিবারের ছয়জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) রাতে উপজেলার ধানাসাফা ইউনিয়নের পাইক বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফা ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী জীবন পাইকের বসত ঘরে শনিবার রাতে দুর্বৃত্তরা সুকৌশলে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রাখে। রাতের খাবার খাওয়ার পরপরই জীবন পাইক, তার স্ত্রী হাসি রানী, ছেলে যুবরাজ ও বেড়াতে আসা আত্মীয় রেবা রানী জ্ঞান হারিয়ে ফেলেন। রোববার সকালে প্রতিবেশীরা কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে জীবন পাইকের জ্ঞান ফিরলে তিনি দরজা খুলে দেন। পরে দেখা যায়, ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জীবন পাইক জানান, প্রতিদিন ভোরে তিনি ও তার স্ত্রী হাঁটতে বের হন। রোববার সকালে তাদের বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারা দরজায় জোরে আঘাত করলে তার হুঁশ ফেরে।
একই রাতে একই বাড়ির নির্মল পাইকের ঘরেও একইভাবে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে নির্মল পাইক ও তার মেয়ে নিপা পাইক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে জানা গেছে।
সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিলন পাইক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দুই ভাইয়ের ঘরে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নিয়েছে।
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments