Image description

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় এক অজ্ঞাত যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এবং চাঁদপুর সদর উপজেলার সীমানা সংলগ্ন সাদ্দাম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে তার কাছে পরিচয় নিশ্চিত করার মতো কোনো নথিপত্র পাওয়া যায়নি।

স্থানীয় মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন ওই যুবককে ব্রিজের ওপর বসে থাকতে দেখা গিয়েছিল। তখন পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে দাবি করলেও বিস্তারিত আর কিছু বলেননি।

চাঁদপুরের পিবিআই ইন্সপেক্টর তরুণ কান্তি দে জানান, "মরদেহের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর