Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। দৈনিক মানবকণ্ঠ-এ এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে প্রশাসন এই উদ্যোগ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে গত রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।

অফিস আদেশে বলা হয়েছে, বোরো মৌসুমে বস্তা সরবরাহে বিলম্বসহ বিভিন্ন অনিয়মের কারণে কৃষকরা সরকারি গুদামে ধান দিতে না পেরে ফিরে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

তদন্ত কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই, মতামত ও প্রয়োজনীয় সুপারিশসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের অনুলিপি জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে স্থবিরতা ও অব্যবস্থাপনা নিয়ে দৈনিক মানবকণ্ঠ-এ ‘ধান আছে কিন্তু বস্তা নেই, রায়গঞ্জে সরকারি সংগ্রহ অভিযানে স্থবিরতা’ শিরোনামে একটি বিশেষ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করায় বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

মানবকণ্ঠ/ডিআর