Image description

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবুল পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবুল ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়ার সাত বছরের শিশুকে ঘর দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে গভীর রাতে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর